হাকিম বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী) :“একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাই পরিবেশ বাঁচাই” এবং “জাগবে তরুণ, গড়বে দেশ, বাংলাদেশ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলঢাকায় আগামী ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন ২০২৬) নীলফামারীর জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। “তারুণ্যের জলঢাকা ইশতেহার-৭ : গ্রীন জলঢাকা, গ্রেট ফিউচার” বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছে তারুণ্যের জলঢাকা।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও তরুণ স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আরও জানান, আগামী পাঁচ বছরে জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে, খাস জমি ও জনসাধারণের অংশগ্রহণে ৫০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জলঢাকা গড়ে তোলাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং প্রতীকীভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।


