হাকিম বদিউজ্জামান, তিস্তা নিউজ : নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী গতকাল শুক্রবার বিকাল ৫'০০ টার দিকে একটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই এমপি'র উদ্বোধনের নাম ফলক উধাও হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর গার্লস স্কুল সংলগ্ন রাস্তায়।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নামফলকের জন্যে তৈরী করা স্তম্ভ খালি পড়ে আছে। আরিফুল ইসলাম নামে স্থানীয় একজন শিক্ষার্থী বলেন, গতকাল উদ্বোধনের পর কয়েকঘন্টা যেতে না যেতেই নামফলকটি উধাও হয়ে যায়। স্তম্ভটির নির্মানকারি মিস্ত্রি মো. আরিফের কাছে এ বিষয়ে জানতে চাইলে সে জানায়- স্তম্ভটি তৈরী করার সময় পার্শ্ববর্তী একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিএনপি কর্মী এসে বলেন যে, "এটা আন্দাজী লাগায়ে লাভ কি? এটা তো এখানে থাকবে না।"
কাজটির ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন- আমরা ওই জায়গায় কাজটি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। ওখানে ইট রাখলে সেগুলো চুরি যায়, রাস্তায় নালা খনন করে বালু ঢলায়ে দেয় আবার গতকাল এমপি মহোদয়ের উদ্বোধন করা নামফলক তুলে নিয়ে গেছে। আমরা কাজটা সম্পন্ন করতে স্থানীয় জনগনসহ প্রশাসনের সহযোগিতা চাই।
স্থানীয় জামায়াত নেতা রফিকুল আলম বলেন, নামফলকের মতো একটা ছোটো জিনিস যেখানে নিরাপদ নয় সেখানে ইট, বালু, পাথর কিভাবে নিরাপদ থাকবে। এলাকার উন্নয়ন গতিশীল রাখতে এইসব দুস্কৃতিকারিদের শক্ত হাতে প্রতিহত করা উচিত।


