![]() |
| নিহত গনপতি চক্রবর্তী ও পরিবার |
তিস্তা নিউজ ডেস্ক ঃ রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ।
স্ত্রী, ছেলে এবং মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা শনিবার রাত ১০টার দিকে বাড়ির ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশের কাছে খবর দেন। একই বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কী কারণে এবং কীভাবে তাদের হত্যা করা হয়েছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করার জন্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা প্রথমে বাড়ির ভেতরে চারটি লাশ পড়ে থাকতে দেখেন। নিহতদের মধ্যে আছেন শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মাস্টার্স পাস মেয়ে আগামী চক্রবর্তী এবং জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়ম চক্রবর্তী।
স্থানীয়দের মতে, তাদের বাড়ি দুটি তলা। নিচতলায় কোন মানুষ থাকত না। প্রিয়মের লাশ খাটের নিচে পাওয়া গেছে। স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামীর লাশ ছাদে পাওয়া গেছে, আর গণপতি চক্রবর্তীর লাশ ছাদের এক কোণে মিলেছে। রাতে কয়েকজন যুবককে স্থানীয়রা ওই বাড়ি থেকে বের হতে দেখেছে।
এ বিষয়ে কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তিনি ফোন ধরেননি।


