Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Thursday, July 23, 2026

ভোজিনহা ও তার পরিবারকে বিশেষ উপহার মেসির

ভোজিনহা ও তার পরিবারকে বিশেষ উপহার মেসির

তিস্তা নিউজ ডেস্ক ঃ বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ ছিলেন। ১২০ মিনিটের লড়াইয়ে বারবার আর্জেন্টিনাকে হতাশ করেছেন। তবু ম্যাচ শেষ হওয়ার পর থেকে লিওনেল মেসির আচরণে ছিল সম্মান আর কৃতজ্ঞতা। এবার জানা গেল, সেই শ্রদ্ধা শুধু মাঠের আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।

কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার পরিবারকে বিশ্বকাপ ফাইনালের ভিআইপি টিকিট উপহার দিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। শুধু টিকিটই নয়, কেপ ভার্দে থেকে এসে যেন তারা ফাইনাল উপভোগ করতে পারেন, সেই ভ্রমণের ব্যবস্থাও করে দিয়েছিলেন মেসি।


গোল ডট কম–এর প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টি ফাইনালের আগে গোপনই রেখেছিলেন মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হওয়ার পর ভোজিনহার পরিবারের এক সদস্য বিষয়টি প্রকাশ করেন এবং মেসিকে ধন্যবাদ জানান। খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা।


রাউন্ড অব ৩২–এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩–২ গোলের জয়ের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভোজিনহা। একের পর এক সেভ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চাপে ফেলেছিলেন তিনি। ম্যাচ শেষে তার পারফরম্যান্সের প্রশংসাও করেছিলেন মেসি।

পরে সেই মুহূর্তের কথা নিজেই জানিয়েছিলেন ভোজিনহা। তিনি বলেন, 'খেলা শেষে মেসির কাছে গিয়েছিলাম। সে আমাকে জড়িয়ে ধরে বলল, ‘তুমি খুব ভালো খেলেছ। তোমার দেশ তোমাকে নিয়ে গর্ব করবে।’ মেসির মতো একজন ফুটবলারের কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে অনেক বড় ব্যাপার।'


Thursday, July 9, 2026

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি


তিস্তা স্পোর্টস ডেস্ক ঃ বিশ্বকাপে দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসি। এর মাঝেই তৈরি হয়েছে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি।
আর্জেন্টিনা ফাইনালে গেলে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে। তার ১০ দিন পর ২৯ জুলাই মেজর লিগ সকার লিগে অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়, তবে তিনি ক্লান্তি বা বিশ্রামের কারণে এমএলএস অল-স্টার ম্যাচ মিস করতে পারেন। এতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ছেন এই মহাতারকা।
এমএলএস-এর নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত মেডিকেল কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে, পরবর্তী লিগে জন্য তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। খবর বোলাভিপ
গত বছরও অত্যধিক ক্লান্তির কারণে অল-স্টার গেম থেকে ছুটি নেওয়ায় মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের এমএলএস নিষেধাজ্ঞা পোহাতে হয়েছিল।
চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। টুর্নামেন্টে ৮ গোল নিয়ে মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন।

Wednesday, July 8, 2026

যে কারণে বাতিল হয়েছিল মিশরের সেই গোলটি

যে কারণে বাতিল হয়েছিল মিশরের সেই গোলটি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ১৬তে মিশরের একটি দারুণ গোল বাতিল করে দিয়েছে ভিএআর। এতে বড় স্বস্তি পেয়েছিল আর্জেন্টিনা।

মিশরের রক্ষণ থেকে শুরু হয়েছিল আক্রমণটি। ডান দিক দিয়ে বল নিয়ে দারুণভাবে এগিয়ে যান হাসান। মাঝে এসে বল বাড়ান সালাহকে। সালাহ বক্সের ভেতর বল বাড়িয়ে দেন বাম দিক থেকে উঠে আসা জিকোকে। গোলরক্ষক এমি মার্টিনেজের আগে বলের নাগাল পান জিকো। এরপর দারুণ শটে বল জালে জড়ান তিনি।

তবে গোল উদযাপনের কিছুক্ষণ পরই আসে দুঃসংবাদ। ভিএআর পরীক্ষা করে দেখে, আক্রমণের শুরুতে মিশরের অর্ধেই একটি ফাউল হয়েছিল। লিসান্দ্রো মার্টিনেজকে টেনে ধরেছিলেন আতিয়া। রেফারি তাই ফ্রি কিকের সিদ্ধান্ত দেন এবং গোলটি বাতিল করেন।

সিদ্ধান্তটি সঠিক ছিল বলেই মনে করা হচ্ছে। তবে এমন একটি দুর্দান্ত কাউন্টার অ্যাটাক গোল বাতিল হওয়ায় হতাশ হতে হয়েছে মিশরকে।


Tuesday, April 7, 2026

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ

তিস্তা নিউজ ডেস্ক ঃ নির্বাচনে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। বিসিবি পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই এডহক কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবিতে নির্বাচনের আয়োজন করবে।

মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।


গত ৬ অক্টোবর বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ গঠিত হয়। বিসিবির সেই পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

Saturday, January 24, 2026

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বিকল্প দল নিল আইসিসি

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বিকল্প দল নিল আইসিসি


স্পোর্টস ডেস্ক ঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  শনিবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে।

গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর  ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে। 

Saturday, January 3, 2026

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের

 স্পোর্টস ডেস্ক ঃ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেকেআরকে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বর্তমান সামগ্রিক পরিস্থিতির কারণে বোর্ড কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।” ফলে রেকর্ড দামে দলে ভিড়ানো মুস্তাফিজ এবারের আইপিএলে অংশ নিতে পারছেন না।

Thursday, October 16, 2025

ঢাকায় কাবাডি বিশ্বকাপ, আসছে আর্জেন্টিনাও

ঢাকায় কাবাডি বিশ্বকাপ, আসছে আর্জেন্টিনাও



তিস্তা নিউজ ডেস্ক ঃ জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডির বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ১৫-২৫ নভেম্বর ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে ১৪ দেশ নিয়ে হবে নারী বিশ্বকাপের দ্বিতীয় আসর। আজ (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
৩-১৩ আগস্ট ভারতের হায়দরাবাদে কাবাডি বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল। বাংলাদেশ সেই টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য সংবাদ সম্মেলন করার পর বিশ্বকাপ স্থগিত হয়। তিন মাস পর সেই বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভেন্যু স্থানান্তিরত হওয়ার বিষয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘ভারতে বিশ্বকাপ স্থগিত হওয়ার পরপরই আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন বাংলাদেশকে প্রস্তাব দেয়। কাবাডি ফেডারেশন সেটা ইতিবাচকভাবে গ্রহণ করে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে। সরকারের সিদ্ধান্ত ও অনুমোদনের পরই আমরা স্বাগতিক হিসেবে আনুষ্ঠানিক সম্মতি প্রকাশ করি। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনও বাংলাদেশকে স্বাগতিক হিসেবে সম্মত হয়েছে।’


Wednesday, April 2, 2025

জলঢাকায় (কৈমারী) প্রীমিয়ার ক্রিকেট লীগে ইজারাদারপাড়া চ্যাম্পিয়ন

জলঢাকায় (কৈমারী) প্রীমিয়ার ক্রিকেট লীগে ইজারাদারপাড়া চ্যাম্পিয়ন

 

মর্তুজা ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় কৈমারী প্রীমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে ইজারাদার পাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কৈমারী ইউনিয়নের স্কুল এন্ড কলেজ মাঠের খেলায় কৈমারী ইজারাদার পাড়া স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে সুনগর সিক্সার কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সুনগর প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৮ উইকেটে ৮৮ রান করে জবাবে ইজারাদার পাড়া ৬.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৯ রান করে বিজয় অর্জন করে। খেলা শেষে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কহিনুজ্জামান লিটন ও বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল হক উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে সোমবার সকালে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল সাজু। আয়োজক ফারুক জানান, এবারের টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় সায়েখ হোসেন ও সেরা অলরাউন্ডার আব্দুল হাই। নতুন ও পুরাতন খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণ হয়ে উঠে। কৈমারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের আয়োজন করে।

Monday, February 24, 2025

কোহলির মাস্টার প্লানে উড়ে গেল পাকিস্তান

কোহলির মাস্টার প্লানে উড়ে গেল পাকিস্তান



রনি ইসলাম স্পোর্টস রিপোর্টার ঃ

উইকেটে স্পিন ধরবে বলেই ভারত একাদশ সাজিয়েছিল তিন স্পিনার নিয়ে। সবাই দিলেন নিজের সেরাটা। তাতে পাকিস্তান ব্যাটারদের কাজটা হয়ে গেল বেশ কঠিন। চাপের মুখে দারুণ এক ফিফটি করলেন সাউদ শাকিল। তবে অন্য ব্যাটাররা সেভাবে অবদান না রাখায় বোর্ডে জমা পড়ল মামুলি স্কোর। ভারতের দুই ওপেনার অল্পে ফিরলেও ‘চেজ মাস্টার’ বিরাট কোহলি আরও একবার দেখালেন, কেন তিনি ওয়ানডে গ্রেটদের একজন। তার ব্যাটে চড়ে পেশাদার রান তাড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলল রোহিত শর্মার দল। 

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচ পারেনি প্রত্যাশা অনুযায়ী উত্তাপ ছড়াতে। ৪৯.৪ ওভারে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল ২৪১ রানে। ভারত সেই টার্গেট পাড়ি দিয়েছে ৬ উইকেটে, মাত্র ৪২.৩ ওভারেই। 

টানা দুই ম্যাচ জিতে ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেল। আর দুই ম্যাচ হেরে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান।

ছোট টার্গেটের পেছনে ভারত শুরু থেকেই ব্যাট করে আগ্রাসী মেজাজে। নাসিম শাহর করা দ্বিতীয় ওভারে ট্রেডমার্ক পুল শটে ছক্কা হাঁকান রোহিত। শাহিন শাহ আফ্রিদিকে অন্য প্রান্তে এক ওভারে দুটি চার মারেন শুবমান গিল। দারুণ ছন্দে ব্যাট করা রোহিতকে বিপজ্জনক হওয়ার আগেই থামান শাহিন।

আজম আভাস দেন ফর্মে ফেরার। তবে তিনিও পারেন নি । ভারতের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেভাবে রান বাড়াতে পারছিলেন না ওপেনাররা।

ফখর জামানের চোটে দলে আসা ইমাম-উল-হক শুরু থেকেই ছিলেন আড়ষ্ট। রানের জন্য তার সংগ্রাম চাপ বাড়িয়ে দেয় বাবরের অপর। সেটা সরাতে গিয়ে হার্দিক পান্ডিয়ার অফস্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

পরের ওভারে বিদায় নেন ইমামও। কুলদ্বীপ যাদবের বলে মিড অফে বল ঠেলে নিতে চেয়েছিলেন এক রান। তবে আকসার প্যাটেলের সরাসরি থ্রোয়ে শেষ হয় তার ২৬ বলে ১০ রানের ইনিংস।

এরপর পাকিস্তানকে ম্যাচে ফেরানো একটা জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। তবে ১০ থেকে ২৫ ওভারের মধ্যে মন্থরগতিতে ব্যাট চালান দুজনেই। এই সময়ে বাইন্ডারিও সেভাবে হয়নি, আবার তারা সিঙ্গেলসও সেভাবে বের করতে ব্যর্থ হন। এক পর্যায়ে তো দুজনই ব্যাটিং করছিলেন ৮০-এর কম স্ট্রাইক রেটে!

২৫ ওভারে মাত্র ৯৯ রান করা পাকিস্তানের জন্য বড় স্কোর গড়ার কাজটা কঠিন করে দেয় এই জুটি। যদিও এরপরের কয়েকটি ওভারে কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে কিছুটা রানের চাকা সচল করেন রিজওয়ান ও শাকিল মিলে।

৬৩ বলে ফিফটি পূরণ হয় শাকিলের। জুটিতেও হয়ে যায় শতক। তবে হার্দিকের বলে ৪৪ রানে জীবন পাওয়া রিজওয়ান পারেননি বেশিদূর যেতে। টেস্ট মেজাজের ইনিংসের ইতি ঘটে আকসারকে বড় শট মারতে গিয়ে। ৭৭ বলে মাত্র তিন চারে পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৬ রান।

৫৮ রানে জীবন পাওয়া শাকিলও ব্যর্থ হন তা কাজে লাগাতে। ৬২ রানে মিড অফে ক্যাচ বানিয়ে তাকে সাজগরের পথ দেখান হার্দিক। এরপর একটা মিনি ধস নামে পাকিস্তান ইনিংসে, ২০০ রানেই চলে যায় ৭ উইকেট।

সেখান থেকে লড়িয়ে এক ইনিংসে পাকিস্তানকে একটা ফাইটিং স্কোর এনে দেওয়ার কাজ করেন খুশদিল শাহ। আগের ম্যাচে ফিফটি করা এই অলরাউন্ডার শেষ ওভারে আউট হওয়ার আগে ২ ছক্কায় করেন ৩৮ রান।

৪০ রানে তিন উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ছিলেন বাঁহাতি স্পিনার কুলদ্বীপ।

Monday, January 27, 2025

বিদেশি ছাড়াই রংপুরের বিপক্ষে রাজশাহী খেলতে নামে  ।

বিদেশি ছাড়াই রংপুরের বিপক্ষে রাজশাহী খেলতে নামে ।



 তিস্তা স্পোর্টস ঃ বিতর্ক, সন্দেহ, অব্যবস্থাপনা ও খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে টালবাহানা-ইত্যাকার একাধিক সমস্যায় জেরবার বিপিএল। এবার তাতে যোগ হলো লজ্জাজনক এক ঘটনা। রোববার মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে রাজশাহী খেলতে নামে বিদেশিদের ছাড়াই। বিপিএলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। বিপিএলে এবার প্রথম বিতর্ক তৈরি করে দুর্বার রাজশাহী খেলোয়াড়দের পারিশ্রমিক না দিয়ে। একই ইস্যুতে কাল বিদেশি ক্রিকেটাররা মাঠেই এলেন না। দুজন বিদেশি খেলানো বাধ্যতামূলক। কিন্তু রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা খেললেন। বিসিবির বিশেষ অনুমতি নিয়ে ম্যাচে স্থানীয় ক্রিকেটারদের দিয়ে একাদশ সাজায় রাজশাহী। বিসিবি জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমতি দিলেও তারা কঠোর ব্যবস্থা নেবে।

টসের পর সংবাদমাধ্যমে একাদশ জানিয়ে দেওয়া হয় দুদলের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। বিসিবিও জানায় একাদশ। কিন্তু রংপুর ও রাজশাহীর ম্যাচে টস হওয়ার পরও একাদশ জানার উপায় ছিল না। খেলোয়াড়দের তালিকা যখন দেওয়া হলো, দেখা যায় রাজশাহীর সব খেলোয়াড় স্থানীয়। 


বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক রকিবুল হাসান এ নিয়ে বলেন, ‘দুর্বার রাজশাহী আজ (গতকাল) আমাদের জানিয়েছে, তাদের বিদেশি ক্রিকেটাররা অনুপস্থিত। তারা শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজানোর অনুরোধ করে। আমরা ব্যাপারটি খতিয়ে দেখেছি। প্লেয়িং কন্ডিশনে এরকম ধারা আছে বিশেষ বিবেচনা করার জন্য। আমরা তাদের সেই বিশেষ অনুমতি দিয়েছি।’ 


ম্যাচ শুরু হওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানায়, বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই অনুমতি দিয়েছে টেকনিক্যাল কমিটি। এদিকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। যা ঘটছে তা অনাকাঙ্ক্ষিত। এ নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব সমস্যা খুঁজে বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়ে এই বিষয়টি আলোচনায় এসেছে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিদেশি ক্রিকেটার আসেনি, এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত আসবে, বলতে পারছি না। কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুণ্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’ 

Saturday, January 25, 2025

বিশ বছরের সংসার ভাঙছেন -শেবাগ

বিশ বছরের সংসার ভাঙছেন -শেবাগ

 

তিস্তা স্পোর্টস ডেস্ক ঃ ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বীরেন্দর শেবাগ ও আরতি আহলাওয়াত। দীর্ঘ দুই দশক অতিবাহিত হওয়ার পর এই দম্পত্তির সংসার ভাঙার খবর চাউর হয়েছে।

ভারতের প্রথম সারির প্রচারমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শেবাগ ও আরতির সম্পর্ক ভালো যাচ্ছে না। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ দীপাবলিতে দুই পুত্র সন্তান ও মায়ের সঙ্গে ছবি পোস্ট করেন শেবাগ। যদিও স্ত্রী আরতির সঙ্গে কোনো ছবি পোস্ট করেননি ভারতের সাবেক এই ওপেনার। এমনকি আরতির জন্মদিনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরব ছিলেন তিনি।

শেবাগ ও আরতির পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই আলাদাভাবে বসবাস করছেন এই দম্পত্তি। এই খবরটি শেবাগ ও আরতির বিচ্ছেদের গুঞ্জনে ঘি ঢেলেছে। যদিও নিজেদের বিচ্ছেদ ইস্যুতে কোনো বিবৃতি দেননি শেবাগ-আরতি দম্পত্তি।

Wednesday, January 15, 2025

ম্যাচ অনিশ্চয়তার মধ্যেই নারী ফুটবলারদের ক্যাম্প শুরু

ম্যাচ অনিশ্চয়তার মধ্যেই নারী ফুটবলারদের ক্যাম্প শুরু

 তিস্তা নিউজ ডেস্ক ঃ প্রায় দুই মাস ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরতে শুরু করেছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। খেলা না থাকায় নভেম্বরের তৃতীয় সপ্তাহে সাবিনা-মারিয়াদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়েছিল বাফুফে। অনির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করে বুধবার (১৫ জানুয়ারি) ক্যাম্পে ফেরার নোটিশ করেছিল বাফুফে। যোগ দেওয়ার নির্ধারিত দিনে ১৩জন ক্যাম্পে উঠেছেন বলে বুধবার জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বুধবার রাতের মধ্যেই বেশিরভাগ ফুটবলারের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। অধিনায়ক সাবিনা খাতুনসহ কয়েকজন ছুটি বাড়িয়েছেন। সোমবারের মধ্যে সবাইকে ক্যাম্পে পাওয়া যাবে বলে মনে করছেন বাফুফে সাধারণ সম্পাদক।

সিনিয়রদের ক্যাম্পে ডাকার কারণ ছিল ফেব্রুয়ারিতে ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা। দল না পাওয়ায় আগামী মাসের উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না জাতীয় দলের। এখন বাফুফের চোখ মার্চ উইন্ডোতে

সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘১৩টি দেশের সঙ্গে তারা যোগাযোগ করছেন। কেমন সাড়া পাওয়া যায় তা দেখে বাফুফে শর্টলিস্ট করে দল চূড়ান্ত করবে। ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার সুযোগ আছে।’

Monday, January 6, 2025

জাতীয় দলে আর খেলবেন না তামিম

জাতীয় দলে আর খেলবেন না তামিম

 
আফ্রিদির ইউটিউব থেকে নেয়া ছবি 


তিস্তা নিউজ ডেস্ক : এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। আদৌ তিনি ফিরবেন কিনা, কিংবা অবসর নিচ্ছেন কিনা; সেই ধোঁয়াশা কাটেনি। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে তামিমকে।

আসলেই কি তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরবেন? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কদিন আগে বিপিএলের ম্যাচের পর ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দল নিয়ে আর ভাবছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে বিসিবির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি, তিনিও নিজ থেকে যোগাযোগ করেননি; এমনটাই জানিয়েছিলেন তামিম।

তারপরও দেশসেরা ওপেনারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। এরই মধ্যে তামিম আরও একবার ইঙ্গিত দিলেন, জাতীয় দলে আর ফেরার সম্ভাবনা নেই। পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির একটি ইউটিউব ব্লগে এমন কথা বলতে শোনা গেছে তামিমকে।

Friday, January 3, 2025

জলঢাকায় মরহুম কোকো স্মৃতি প্রমিলা ফুটবল খেলা অনুষ্ঠিত

জলঢাকায় মরহুম কোকো স্মৃতি প্রমিলা ফুটবল খেলা অনুষ্ঠিত

 

বদিউজ্জামান বুলেট (জলঢাকা): নীলফামারীর জলঢাকা জাগ্রত তরুণ ক্রীড়া সংঘের আয়োজনে,আজ শুক্রবার বিকাল ৩ টায় জলঢাকা ষ্টেডিয়াম মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং নীলফামারী জেলা জর্জ কোর্টের (p.p) এডভোকেট আল মাসুদ, সভাপতিত্ব করেন আখতারুল ইসলাম রিয়াদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম। কৈমারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, ছাত্রদল উপজেলা সভাপতি মমতাজুল মিঠুসহ আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন। বগুড়া মহিলা ফুটবল দল বনাম লালমনিরহাট মহিলা ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত খেলায় ০২-০১ গোলে লালমনিরহাট মহিলা দল বিজয় লাভ করে।

Wednesday, January 1, 2025