Showing posts with label ক্যাম্পাস. Show all posts
Showing posts with label ক্যাম্পাস. Show all posts

Saturday, May 9, 2026

মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪ এ ৪ পেলেন রাকসু ভিপি

মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪ এ ৪ পেলেন রাকসু ভিপি

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ মাস্টর্সের শেষ সেমিস্টার ফলাফলে সিজিপিএ ৪এ ৪ পেয়েছেন।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী জাহিদ। মাস্টার্সের তিন সেমিস্টারের ফলাফলে দেখা গেছে তিনি প্রথম সেমিস্টারে ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় সেমিস্টারে ৪.০০ আউট অব ৪.০০ (সিজিপিএ) পেয়েছেন । যা গড়ে ৩.৯৩। স্নাতকে তার ফলাফল ছিল ৩.৭৬।


সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। সবার নিকট দোয়ার আর্জি।


ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চাই। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন করবো।


প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে জয়ী হয়ে ভিপি নির্বাচিত হন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

Monday, March 16, 2026

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

ডঃ এ.বি.এম ওবায়দুল ইসলাম 


তিস্তা নিউজ ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। নতুন দায়িত্বে তিনি নিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে।


এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গত ২২ ফেব্রুয়ারি তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।


Tuesday, February 10, 2026

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান


তিস্তা নিউজ ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতি পত্র জমা দেননি বলেও জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে এ ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল।

এরপর ২৭ আগস্ট নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১(২) অনুযায়ী প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।’

Thursday, January 8, 2026

জকসুতে যে ৫ পদে হারল শিবির

জকসুতে যে ৫ পদে হারল শিবির


তিস্তা নিউজ ডেস্ক ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ২১টি পদের মধ্যে ভিপি, জিএস, এজিএসসহ ১৬টি পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল সম্পাদকীয় তিন পদে ও কার্যনির্বাহী সদস্যসহ মোট চার পদে জয়লাভ করেছে। এছাড়া কার্যনির্বাহী পদে স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন জাহিদ হাসান।

বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ; তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট।

এছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

নির্বাচনে ৪টি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। সম্পাদকীয় তিনটি পদ হলো—সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: তাকরিম মিয়া (৫,৩৮৫ ভোট), পরিবহন সম্পাদক: মাহিদ হোসেন (৪,০২৩ ভোট), পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. রিয়াসাল রাকিব (৪,৬৯৮ ভোট)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের সাতটির মধ্যে পাঁচটিতে জিতেছে শিবির এবং একটিতে জিতেছে ছাত্রদল। আরেকটিতে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থী।

ছাত্রদল থেকে নির্বাচিত সদস্য হলেন—মোহাম্মদ সাদমান আমিন (৩,৩০৭ ভোট)। কার্যনির্বাহী সদস্য পদে অন্যজন জাহিদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।

দৈনিক আমার দেশের সাথে যা বললেন জকসুর নতুন জিএস

দৈনিক আমার দেশের সাথে যা বললেন জকসুর নতুন জিএস

জকসু জিএস আব্দুল আলিম আরিফ 

তিস্তা নিউজ ডেস্ক ঃ শিক্ষার্থীদের সুখ-দুঃখের সাথি হয়ে নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে আদর্শ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তৈরির চেষ্টা করবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ।

বুধবার দিবাগত রাতে আমার দেশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জিএস আরিফ বলেন, নির্বাচন নিয়ে মোটাদাগে কোনো অভিযোগ নেই। ক্যাম্পাসের মধ্যে মোটামুটি ভালোভাবেই ভোট সম্পন্ন হয়েছে। তবে ক্যাম্পাসের বাইরে কিছু বিষয়ের কারণে আমরা উদ্বিগ্ন ছিলাম। বিশেষ করে নারী শিক্ষার্থীদের হয়রানি এবং পথচারী ব্যবসায়ীদের জামায়াত-শিবির ফ্রেমিং করে যেই ধরনের ন্যক্কারজনক কাজ হয়েছে, তা নিন্দনীয়।

ভোটগ্রহণ ও গণনা নিয়ে কোনো অভিযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ভোটগ্রহণ সুন্দরভাবে হলেও গণনার ক্ষেত্রে প্রশাসনকে আরো সতর্ক হতে হতো। কিছু মিস ম্যানেজমেন্টের কারণে ভোট গণনা বিলম্বিত হয়েছে। প্রথমবারের মতো জকসু নির্বাচন হওয়াতে আমরা বিষয়টিকে স্রেফ প্রস্তুতির অভাব হিসেবেই দেখতে চাই।

শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে আরিফ বলেন, অবশ্যই আমি আমার দেওয়া প্রতিশ্রুতি রাখব। বিশেষ করে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল যেই ২১ দফা ইশতেহার দিয়েছিল, সেই আলোকে কাজ করার চেষ্টা করব। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই একাডেমিক এক্সিলেন্স এবং আবাসন সংকট সমাধানে। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেন দ্রুত এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়ে বিশেষ দৃষ্টি থাকবে আমার।

অন্যান্য প্যানেলের প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, দিন শেষে আমরা সবাই জবিয়ান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই জকসু নির্বাচন হওয়ার প্রয়োজনীয়তা ছিল। এই নির্বাচনে যারা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, তারা সবাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। নির্বাচনে হার-জিত থাকবে। তবে আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এক এবং অভিন্ন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব।

এসময় আমার দেশের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আরিফ। তিনি বলেন, তারা এই নির্বাচন সফল করার জন্য সর্বোচ্চ কাজ করেছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ তাদের জন্যই সম্ভব হয়েছে। তারা আমাকে বিজয়ী করে যেই দায়িত্ব দিয়েছেন, আমি তাদের প্রতি সেই জন্য কৃতজ্ঞ। একই সাথে তাদের চাওয়া-পাওয়া পূরণে সচেষ্ট থাকব। তাদের সুখ-দুঃখের সাথি হয়ে সামনের দিনগুলোতে একটি আদর্শ ক্যাম্পাস তৈরিতে কাজ করে যাব ইনশাআল্লাহ।

জকসু নির্বাচন: শিবির-সমর্থিত প্যানেলের বড় জয়

জকসু নির্বাচন: শিবির-সমর্থিত প্যানেলের বড় জয়

জকসুতে শিবির সমর্থিত প্যানেলের বড় জয় 

তিস্তা নিউজ ডেস্ক ঃ 
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনেও ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

জকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মোট ৩৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলে জকসুতে এই প্যানেলের প্রভাব ও সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট হয়েছে।


নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কারিগরি জটিলতা ও দীর্ঘ বিরতির পরও সব পক্ষের উপস্থিতিতে ওএমআর মেশিন ও হাতে গণনার সমন্বয়ে ফলাফল নির্ধারণ করা হয়।

Friday, December 19, 2025

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে হাদির নাম দিলেন হল সংসদ নেতারা

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে হাদির নাম দিলেন হল সংসদ নেতারা


তিস্তা নিউজ ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে ‘শহীদ ওসমান হাদি হল’ নামে পোস্টার লাগিয়ে দিয়েছেন হল সংসদ নেতারা।

বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের মধ্যে হল সংসদের নেতারা হলের নতুন এ নাম দেন। মধ্যরাতেই তারা হাদির নামে হলের নামকরণের পোস্টার হলের সামনে লাগিয়ে দেন।

হল সংসদের সহ-সভাপতি মো. মুসলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের শরিফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। যাদের হাতে তিনি শাহাদতবরণ করেছেন, সেই কালচারাল ফ্যাসিস্টরা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন। এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তার নাম বাদ দিয়ে শহীদ শরীফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Saturday, September 20, 2025

রাকসু নির্বাচন, জয় পেতে মরিয়া দুই বৃহৎ ছাত্র সংগঠন

রাকসু নির্বাচন, জয় পেতে মরিয়া দুই বৃহৎ ছাত্র সংগঠন


মাহমুদ আলহাছান, তিস্তা নিউজঃ  দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত দুটি শক্তি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ডাকসু ও জাকসু নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবার রাকসুকে ঘিরে নতুন ভোরের প্রত্যাশায় মাঠে নেমেছে ছাত্রদল। কৌশলী প্যানেলের পাশাপাশি ভিন্ন ধাঁচের প্রচারণাতেও সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্র সংগঠনটি।

এদিকে ছাত্রশিবিরের নেতা ও জনশক্তি তৈরির আঁতুরঘর হিসেবে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ডাকসু-জাকসুর মত শিবির প্যানেলের ভূমিধস বিজয়ের প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামের বৈচিত্র্যময় প্যানেল করে প্রথমেই চমক সৃষ্টি করেছে ছাত্রশিবির।

প্যানেলে জুলাই আন্দোলনের সমন্বয়ক, সনাতনধর্মী, দৃষ্টি প্রতিবন্ধী, জুলাই আন্দোলনে চোখ হারানো যোদ্ধা, সংস্কৃতিকর্মী ও নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রচারণার ক্ষেত্রেও বৈচিত্র্যময় বৈশিষ্ট্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল ও ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্যানেলের প্রার্থীরা। ফলে ডাকসু-জাকসুর মত কেন্দ্রীয় সংসদের অধিকাংশ পদে জয়ের ফসল ঘরে তুলতে যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। 

ডাকসু ও জাকসু নির্বাচনে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়টি মাথায় রেখে অভিযোগমুক্ত, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন করার ব্যাপারে সর্বাত্মক প্রস্ততির কথা জানিয়েছেন রাহশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন।


Tuesday, April 15, 2025

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং সকল আবাসিক হলসমূহ আগামী ২ মে থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত গণমাধ্যম পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার প্রেক্ষাপটে গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয় এবং তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট কর্তৃক গ্রহণ করা হয়। উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার জেরে ২৫ ফেব্রুয়ারি পরবর্তী সময়ে নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Friday, March 21, 2025

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে মধ্য রাতে ঢাবি তে মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে মধ্য রাতে ঢাবি তে মিছিল



তিস্তা নিউজ ডেস্ক ঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি হল পাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে’, ‘আওয়ামীলীগের চামড়া তুলে নিবো আমরা’, ‘আওয়ামীলীগ নিষিদ্ধ চাই, গড়িমসি চলবে না ' ইত্যাদি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, যেই আওয়ামীলীগ দুই হাজারের মতো মানুষকে হত্যা করেছে, তিরিশ হাজারের বেশি আহত করেছে সেই আওয়ামীলীগের আর রাজনীতি করার কোন অধিকার নেই। অবিলম্বে এই দলকে নিষিদ্ধ করতে হবে, কোন ধরনের গড়িমসি করা চলবে না।

এদিন মধ্যরাতে আওয়ামী লীগের আসার পরিকল্পনা চলছে অভিযোগ করে ফেসবুকে একটি পোস্ট করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি বলেন, 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের।

Sunday, March 9, 2025

ঢাবি শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ঢাবি শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি



তিস্তা নিউজ ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের বিচার ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উত্তাল বিক্ষোভ করেছেন। বিশেষ করে মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ একাধিক ধর্ষণের ঘটনায় বিচারহীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা প্রথমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। রাত ১২টার দিকে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা একটি মিছিল বের করলে, পরে অন্যান্য হলের শিক্ষার্থীরা তাতে যোগ দেন। রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে তারা ধর্ষকদের শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। উপস্থিত শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে, কিন্তু ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হয়নি। বরং অপরাধীরা জামিনে মুক্ত হয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং তার পদত্যাগ ছাড়া এর সমাধান সম্ভব নয়।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, "আমরা বহুদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি দেখে আসছি। কিন্তু এবার আর সহ্য করব না। আমরা চাই ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।"

শিক্ষার্থীদের এই বিক্ষোভ একটি বড় বার্তা দিয়েছে যে, বিচারহীনতা আর অবহেলা মেনে নেওয়া হবে না। তারা পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, ধর্ষণের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।

Monday, February 24, 2025

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গভীর রাতে ঢাবিতে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গভীর রাতে ঢাবিতে বিক্ষোভ



তিস্তা নিউজ ডেস্ক ঃ সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্য রাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। 

এদিন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড় থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার বিক্ষোভ মিছিল নিয়ে ফিরে যায় শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘সুশীলতার দিন শেষ বিচার চায় বাংলাদেশ, এক দুই তিন চার জাহাঙ্গীর গদি ছাড়, জুলাই রক্তের দাম চাই নিরাপদ বাংলাদেশ চাই, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’-সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, ‘দেশে চাঁদাবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মানে হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। আপনারা সেনাবাহিনীর কাছে মাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন। কী ভূমিকা রাখছে সেনাবাহিনী? আজ রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিতে চাই, সোমবার ১টার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে আমরা মাঠ পর্যায়ে ব্যবস্থা নিবো। তাদের প্রত্যেকের ৬ মাসে কী করেছে তার হিসাব আমাদের দিতে হবে।’
শিক্ষার্থী নুরুল গণি ছগীর বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই— আপনাদের পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব দিয়ে সমস্যার সমাধান করতে না পারেন আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দায়িত্ব ছেড়ে দেন। আমরা আজকের পর থেকে দেশে একটা ছিনতাই ধর্ষণ হতে দেবো না।’

শিক্ষার্থীরা বলেন, সারা দেশে হত্যা, ছিনতাই, ধর্ষণ বেড়েই চলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কী ঘাস কাটেন? সোমবারের মধ্যে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের মাধ্যমে আমরা আমদের কর্মসূচি শেষ করবো।


সূত্রঃ দৈনিক ইত্তেফাক।

Thursday, February 20, 2025

আওয়ামীপন্থি ১২ শিক্ষক বরখাস্ত

আওয়ামীপন্থি ১২ শিক্ষক বরখাস্ত



 তিস্তা নিউজ ডেস্ক ঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আন্দোলন দমনে সংশ্লিষ্টতার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আওয়ামীপন্থি ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একসিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে সরকারি নিপীড়নের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, নির্যাতন-সহিংসতায় সম্পৃক্ততা এবং আওয়ামী সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। বহিষ্কৃত শিক্ষকরা হলেন-অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ, ড. দেবু কুমার ভট্টাচার্য, অলি আহাদ সেতু, অধ্যাপক ড. শরমিন চৌধুরী, অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, অধ্যাপক ড. আয়েশা আক্তার, রুহুল আমিন, চৈতী দে পূজা, ড. ছাবেরা ইয়াছমীন, মো. ওমর আলী মল্লিক, ড. শাহ জহির রায়হান ও মো. জিয়াউর রহমান ভূঁঞা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জুলাই ন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের অবস্থান এবং কার্যক্রমের তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Tuesday, February 18, 2025

জুলাই অভ্যুত্থানের সংগঠকদের নেতৃত্বে আসছে নতুন ছাত্রসংগঠন

জুলাই অভ্যুত্থানের সংগঠকদের নেতৃত্বে আসছে নতুন ছাত্রসংগঠন



তিস্তা নিউজ ডেস্ক ঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠকদের নেতৃত্ব আত্মপ্রকাশ করছে নতুন একটি ছাত্রসংগঠন। এখনো সংগঠনের কোনো নাম বা আত্মপ্রকাশের তারিখ নির্ধারিত হয়নি।তবে সংগঠনটির মোটো হবে ‘স্টুডেন্ট ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট’।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।
এসময় সমন্বয়ক আব্দুল কাদের, তাহমীদ আল মোদ্দাসির চৌধুরী, রিফাত রশীদ, রাফিয়া রেহনুমা হৃদি, হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ আহসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, সহ-সমন্বয়ক মহিউদ্দিন প্রমুখ।
নতুন সংগঠনে যারা যোগ দেবেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে আসবেন বলে জানিয়েছেন তারা।
আবু বাকের মজুমদার জানিয়েছেন, আগামীকাল এবং পরশু শিক্ষার্থীদের জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ অনলাইনে এবং আগামীকাল অফলাইনে কার্যক্রম পরিচালনা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল এলাকা, মোকাররম ভবন এলাকা, কলাভবন, ব্যবসা শিক্ষা অনুষদ এলাকা, মোতাহার ভবন এলাকায় এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, সারাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায় কার্যক্রম পরিচালিত হবে।  
সংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না বলে জানান আবু বাকের মজুমদার। তিনি বলেন, আমাদের ছাত্র সংগঠন লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন হবে না। নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে। তার সঙ্গে এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সংগঠনের নেতৃত্ব প্রক্রিয়ার অংশ হিসেবে ‘বটম টু টপ’ থেকে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন করা হবে। সংগঠনের আর্থিক বিষয় অভ্যন্তরীণ চাঁদা দেওয়ার মাধ্যমে পরিচালিত হবে।

Sunday, February 9, 2025

বেরোবির দুই হলের নাম পরিবর্তন, আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই সাধারণ ছুটি

বেরোবির দুই হলের নাম পরিবর্তন, আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই সাধারণ ছুটি

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের একজনের নামে থাকা দুটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে বেরোবি শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেরোবির সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী।

বেরোবি উপাচার্য জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল রাখা হয়েছে।

তিনি আরও জানান, শহীদ আবু সাঈদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে ১৬ জুলাই ছুটির দিন ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা। তবে ওই দিন প্রশাসনিক কাজ চলবে। এ ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জুলাই আবু সাঈদের স্মরণে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

উপাচার্য বলেন, এ ছাড়া জুলাই-আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন ও উন্নয়ন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিন্ডিকেট সভায় কর্মকর্তা-কর্মচারীদের আপগ্রেডেশন প্রদান প্রভাষক নিয়োগসহ আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Sunday, February 2, 2025

জাকসুর তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

জাকসুর তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা অছাত্ররা কেন কাউন্সিল রুমে? প্রশাসন জবাব দে ,অছাত্রদের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা, আদু ভাইয়ের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ,জাকসু চাই জাকসু চাই দিতে হবে দিতে হবে ,আজকেই তফশীল ঘোষনা করো করতে হবে,বাহানা দিয়ে জাকসু বানচাল করা যাবেনা, জাকসু নিয়ে টালবাহানা করতে দেওয়া হবেনা সহ বিভিন্ন স্লোগান দেয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, তফশীল ঘোষনা বিকেলে হওয়ার কথা থাকলেও এখনো হচ্ছে না। অছাত্ররা প্রশাসনের সাথে মিটিং করছে। প্রশাসন কে হুশিয়ার করতে চাই অছাত্রদের আস্তানা এই ক্যাম্পাসে হবে না৷ আজকের মধ্যেই জাকসুর তফশিল ঘোষণা করতে হবে।

অর্থনীতি বিভাগ ছাত্র সংসদের সাধারন সম্পাদক শাওন বলেন, ৫ আগস্টের আগে যেভাবে একদল হামলা-অরাজকতা করতো একই ভাবে এখন আরেক দল করছে, ওদের যেভাবে তাড়িয়েছি সেভাবে আবার রাজপথে আমাদের দাড়াতে হবে। আমরা শিক্ষার্থী সংসদ চাই। ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি চাই না। আমরা প্রশাসনকল জানাতে চাই আজকেই তফসিল ঘোষনা দিতে হবে।

৪৮ নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মেহের আফরোজ শাওঁলি বলেন, ৫ আগস্টের পর আমরা চাইনি আবার ছাত্রলীগ মতো কেও ছড়ি ঘুরাক, ত্রাশের রাজনীতি চলুক। কারা জাকসু বানচাল করতে চায় তাদের আমরা চিনি। প্রশাসনের সাহস কিভাবে হয় অছাত্রদের প্রশাসন বিল্ডিংয়ের সামনে আন্দোলন করতে দেয়। ভিসি আমাদের ভয় দেখায় জাকসু দিতে গিয়ে লাশ পড়লে তখন কি হবে। ভিসিকে বলতে চাই এসব নাটক কম করো পিও। আজকের মধ্যেই জাকসুর তফসিল ঘোষণা করতে হবে।

এর আগে, বিকালে জাকসু নির্বাচনের আগে সংস্কারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

পরে হলের প্রভোস্টদের সাথে মিটিং শেষে উপাচার্য কামরুল আহসান বলেন, বর্তমান পরিবেশ পরিশোধের পরামর্শ কমে আমরা নির্বাচনে তফসিল ঘোষণা করতে পারছি না। শিক্ষার্থীদের নিয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা একটি যৌক্তিক তফসিল ঘোষণা করতে চাই। তাই আগামী ৬ সেপ্টেম্বর এ বিষয়ে পূর্ণাঙ্গ ঘোষণা আসবে সে সময় পর্যন্ত শিক্ষার্থীদের কাছে সময় চেয়ে নিচ্ছি।

প্রসঙ্গত, পুর্বের ঘোষণা অনুসারে গতকাল ১ লা ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল।


সূত্র ঃ দৈনিক ইনকিলাব।

Monday, January 27, 2025

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে ভর্তি বন্ধ হচ্ছে অধিভুক্ত সাত কলেজের। ২০২৪-২৫ সেশন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাবি প্রশাসনের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এদিন দুপুরে ঢাবি ভিসির কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ঢাবি প্রশাসনের সাথে সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সভার পর দুপুর পৌনে ৩টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ ঘোষণা দেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

ঢাবি ভিসি তার লিখিত বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতোমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্যধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, ২৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষগণের সাথে ভিসির সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়;

অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়;

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে;

যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সভা সকলকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।

সভায় আরো উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভিসি (প্রশাসন) সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসির, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ আব্দুলাহ আল মামুনসহ বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন আহমেদ, হিসাব পরিচালক সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন শিশির।


সূত্র ঃ দৈনিক নয়া দিগন্ত।

Sunday, January 26, 2025

ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

 


ঢাবি প্রতিনিধি ঃ ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাও করা হবে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ কর্মসূচি থেকে সাত কলেজ শিক্ষার্থীরা এ ঘোষণা দিয়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, আগামী ১ ঘণ্টার মধ্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ সাত কলেজ শিক্ষার্থীদের কাছে রাস্তায় এসে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাও করবে।

তিনি বলেন, এখনও সায়েন্সল্যাব অবরোধ করা আছে। সবাই ঢাকা কলেজের সামনে আসুন। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত সাত কলেজ শিক্ষার্থীরা আজ নির্ঘুম থাকবে। অস্তিত্বের প্রশ্নে সবার বিছানা আজ রাস্তা।

আব্দুর রহমান বলেন, ঢাবি প্রো-ভিসি সাত কলেজ শিক্ষার্থীদের কাছে সরাসরি ক্ষমা চাওয়ার আগে কোনো আপস চলবে না। এতক্ষণ আমরা পাঁচ দফা বললেও এখন ছয় দফা দাবি জানাচ্ছি।


Saturday, January 25, 2025

দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার (২৬)।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের (বিভাগ) মাস্টার্সের শিক্ষার্থী। তিনি খুলনার সোনাডাঙ্গার আবু আহম্মেদ সড়কের নীতীশ চন্দ্র সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাতে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অর্নবের বন্ধু ফাহিম বলেন, “রাতে তেতুলতলা মোড় এলাকায় অর্নব মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি লোকজন জড়ো হয়ে আছে। এ সময় হেলমেট ফেলানো দেখে বুঝতে পেরেছি আমার বন্ধু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্নব ও আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ি।” 

খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান হাবীব (মিডিয়া এন্ড সিপি) বলেন, “রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে অর্ণবকে গুলি করে সন্ত্রাসীরা। তাকে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও রক্ত মাখা স্যান্ডেল জব্দ করেছে।”

Sunday, January 19, 2025

জাবিতে নারী সেজে মহিলা হলে অতঃপর আটক

জাবিতে নারী সেজে মহিলা হলে অতঃপর আটক

 

আটককৃত যুবক আশরাফুল 

তিস্তা নিউজ ডেস্ক ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছেন নারী শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শনিবার দিনগত রাতে নওয়াব ফয়জুন্নেসা হলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক যুবকের নাম আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজ (৩১)।

তার বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানায়। বর্তমানে গাজীপুরে থাকেন। হিম উৎসব দেখতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি।

আটক ওই যুবক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থীর মাধ্যমে তিনি হলে ওঠেন।

ওই যুবককে আটকের পর তাকে শাড়ি ও টিপ পরিয়ে দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর তাকে জুতাপেটা করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের হিম উৎসব শেষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ, প্লাজো ও মুখে ঘোমটা দিয়ে নওয়াব ফয়জুন্নেসা হলে প্রবেশ করেন পারভেজ। তৃতীয় তলায় কক্ষে গিয়ে চাঁদর খুলে ফেলার পর আশপাশের কক্ষে থাকা ছাত্রীরা তার উপস্থিতি টের পায়।

এ নিয়ে ক্যাম্পাস জুড়ে শোরগোল পড়ে যায়। পরে তাকে আটক করা হয়। ক্যাম্পাসে ছাত্রী হলের নিরাপত্তা বিঘ্নের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

আটক পারভেজের পরিচিত ওই নারী শিক্ষার্থী বলেন,‌‌‌ ‘আমরা উভয়েই ভালো বন্ধু। হিম উৎসবে সে এসেছিল।

রাতে থাকার জায়গা না থাকায়, তাকে হলে নিয়ে এসেছি। আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না। ’

বহিরাগত পারভেজ বলেন, ‘আমরা দু’জন ভালো বন্ধু। সাত বছরের বন্ধুত্ব। দু’জনেই লালন ভক্ত। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ পরে এবং মুখ ও শরীর চাদরে মুড়িয়ে হলে প্রবেশ করি। ’

এ সময় আটক পারভেজ ওই নারী শিক্ষার্থীকে বিয়ের বন্দোবস্ত করেছেন বলে দাবি করেন। তবে ওই নারী শিক্ষার্থীর স্বামীকে ফোন দেওয়া হলে তিনি পারভেজকে চেনেন না বলে জানান।

হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপস্থিত হই। অভিযুক্তদের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক যুবক ও অভিযুক্ত নারী শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের শাস্তির মুখোমুখি করা হবে।